বরগুনায় গাছের ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে মাটিতে পড়ে যান দবির নামে এক চোর।
শনিবার (২৯ আগস্ট) সকালে গুরুতর আহত অবস্থায় সাহায্যের জন্য বাড়ির মালিককেই ডাক দেন তিনি, বরগুনা সদর উপজেলার দক্ষিণ বরগুনা নামক এলাকায় বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলালের একটি নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে আসেন দবির। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে মাটিতেও ফেলেন তিনি। পরে হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত পড়তেই দবিরকে আক্রমণ করে ভিমরুল। এ সময় তিনি গাছ থেকে সরাসরি মাটিতে পড়ে গিয়ে আহত হন। দবির বাড়ির বাসিন্দাদেরকে উদ্ধার করতে ডাকাডাকি করলে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।
বাড়ির মালিক বেলাল জানান, সকালে ঘুম থেকে ওঠার পর দবির তাদের ডেকে উদ্ধারের আকুতি জানান। বাইরে গিয়ে দেখা যায়, কাটা ডাবসহ তিনি গাছের নিচে পড়ে আছেন। পরে তারা সদর থানায় বিষয়টি অবগত করেন।
বরগুনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দবির নামে একজনকে উদ্ধার করেছি। গুরুতর আহত থাকায় তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।