নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মো. মোকছেদ আলী এবং চীন সরকারের পক্ষে দূতাবাসের বাণিজ্য বিষয়ক কাউন্সেলর সং ইয়াং চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানে দুই পক্ষ চীন ও বাংলাদেশের মধ্যে অবকাঠামো খাতে সহযোগিতার বিভিন্ন সাফল্যের উচ্চ প্রশংসা করে। তারা পারস্পরিক উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করা এবং অবকাঠামো নির্মাণ ও সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গভীর মতবিনিময় করেন।
বক্তারা বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিক অগ্রগতির ফলে যোগাযোগ অবকাঠামো, সেতু নির্মাণ এবং পরিবহন খাতে সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে।
নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মিত হবে পটুয়াখালী জেলার লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর বগা ফেরিঘাটের ভাটিতে।
মন্ত্রণালয় বলছে, দীর্ঘদিন ধরে বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলার লাখো মানুষ এবং ব্যবসায়ীরা কৃষিপণ্য, মৎস্যসম্পদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্য বগা ফেরিঘাটের ওপর নির্ভরশীল। সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
সিএমজি