বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থগিত হয়ে যাওয়া কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
১৩ নভেম্বর ২০২৬ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী ভারত। এ লক্ষ্য বাস্তবায়নে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় বাণিজ্য, রেল যোগাযোগ, পানি সম্পদসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপে ভিসাসংক্রান্ত বিষয়গুলো আলোচনার কথা রয়েছে। তবে বৈঠকের জন্য এখনো নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। উভয় দেশের সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
ভারতের এই মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনার জন্য বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো ও কারিগরি প্রস্তুতি রয়েছে ভারতের।
এদিকে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কেও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জয়সওয়াল।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস