এখন থেকে এয়ারটেলের নতুন নাম সার্কেল। মোবাইল অপারেটর এয়ারটেল নতুন ব্র্যান্ড পরিচয় ‘সার্কেল’ নিয়ে যাত্রা শুরু করেছে। ১৭ আগস্ট রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটির উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।
নতুন ব্র্যান্ড চালু হলেও এয়ারটেল গ্রাহকদের বর্তমান মোবাইল নম্বর, প্যাকেজ, ব্যালেন্স ও চালু থাকা সেবায় কোনো পরিবর্তন আসবে না। গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবেই ‘সার্কেল’-এর গ্রাহক হয়ে যাবেন।
রবি জানিয়েছে, এয়ারটেলের ‘০১৬’ সিরিজের নম্বর, চালু থাকা অফার, সার্ভিস ও মূল ব্যালেন্স আগের মতোই থাকবে। একইভাবে মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত তথ্যও নিরাপদ ও সচল থাকবে।
কোম্পানির তথ্য অনুযায়ী, বাংলাদেশে তরুণদের মধ্যে এয়ারটেলের ১৬ বছরের জনপ্রিয়তাকে ভিত্তি করে ‘সার্কেল’ সাশ্রয়ী ও ডিজিটাল সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেবে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন সেবাও যুক্ত করা হবে।
আরো পড়ুন: MyRobi অ্যাপে CirKle নাম ঘিরে নতুন জল্পনা
২০১৬ সালে রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশ একীভূত হয়। ওই একীভূতকরণের পর রবি দেশের দ্বিতীয় বৃহৎ টেলিকম অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, তরুণ ও আধুনিক প্রজন্ম যেভাবে নিজেদের যুক্ত রাখতে চায়, সেই ভাবনা থেকেই এয়ারটেলের নতুন রূপ হিসেবে ‘সার্কেল’ আনা হয়েছে। তাঁর ভাষায়, এটি এয়ারটেলেরই নতুন পথচলা।
রবি আরও জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের সময় গ্রাহকেরা কোনো ঝামেলা ছাড়াই নিরবচ্ছিন্ন সেবা পাবেন। ‘সার্কেল’-এর অধীনে বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি ও অনলাইন প্ল্যাটফর্মকেন্দ্রিক বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।