এপ্রিল ১৬: সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে ফোনে কথা বলেছেন।
আরাগচি ওয়াং ই’কে ইরান-মার্কিন আলোচনার সর্বশেষ অগ্রগতি এবং তেহরানের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ইরান শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান খোঁজা অব্যাহত রাখতে ইচ্ছুক। তেহরান উত্তেজনা প্রশমনে চীনের ধারাবাহিক প্রচেষ্টাকে অত্যন্ত প্রশংসা করে এবং শান্তি প্রতিষ্ঠা ও সংঘাতের অবসানে চীনের একটি ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে।
ওয়াং ই বলেন যে, চীন বরাবরের মতোই ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা রক্ষাকে সমর্থন করে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রসারের বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চার-দফা প্রস্তাব সংকট সমাধানে একটি চীনা সমাধান প্রদানে অবদান রেখেছে। বর্তমান পরিস্থিতি যুদ্ধ থেকে শান্তিতে উত্তরণের এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে এবং শান্তির দ্বার উন্মোচিত হচ্ছে। চীন যুদ্ধবিরতি ও আলোচনার গতি বজায় রাখাকে সমর্থন করে, যা ইরানের জনগণের মৌলিক স্বার্থে এবং একইসাথে আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়েরও অভিন্ন প্রত্যাশা।
চীনা পরারষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীর উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আইনসম্মত অধিকার ও স্বার্থকে সম্মান ও সুরক্ষা দেওয়া উচিত। একই সাথে, এই আন্তর্জাতিক প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তাও নিশ্চিত করা উচিত এবং প্রণালীটিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারের প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বসম্মত আহ্বান। চীন প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চার-দফা প্রস্তাবের চেতনা অনুসারে ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমন ও সম্পর্ক উন্নয়নে কাজ চালিয়ে যেতে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি