এপ্রিল ১৬: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়া খুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বিশ্বজুড়ে বাড়ছে 'চীনা ভাষার প্রতি আগ্রহ', তাই বিদেশিদের চীনা ভাষা শেখার আহ্বান জানায় বেইজিং।
১৭তম 'জাতিসংঘ চীনা ভাষা দিবস' উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তর ও বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা ধরনের উদযাপনের আয়োজন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে 'চীনা মানুষ হওয়া' শীর্ষক ট্রেন্ডের কারণে বিশ্বজুড়ে 'চীনা ভাষার প্রতি আগ্রহ' ক্রমশ বাড়ছে। এ বিষয়ে জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র এসব কথা বলেন।
মুখপাত্র জানান, এ বছর চীনা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে চীনের বিভিন্ন বিদেশি মিশন ও জাতিসংঘ সচিবালয় নিউইয়র্ক, জেনেভা, ভিয়েনাসহ বিভিন্ন জায়গায় চমৎকার সব অনুষ্ঠান আয়োজন করেছে। বিশ্বের অন্যতম প্রাচীন এই ভাষা যুগে যুগে পাহাড়-সমুদ্র পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি 'বৈচিত্র্যের মাঝে সম্প্রীতি' ও 'শান্তিপূর্ণ সহাবস্থান'-এর মতো প্রাচ্য দর্শনকে ধারণ করে এবং জাতিসংঘের ৮০ বছরেরও বেশি সময়ের শান্তির স্বপ্নের সাক্ষী হয়ে আছে। ভাষা হলো সভ্যতার বাহন। প্রতিটি সভ্যতাই মানবসমাজের যৌথ সম্পদ, যা অপরিহার্য এবং লালন ও সুরক্ষার যোগ্য।
মুখপাত্র আরও বলেন, "আপনারা 'চীনা ভাষার প্রতি আগ্রহ' বৃদ্ধির যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, তার প্রমাণ আমরা এখানেই দেখতে পাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে আরও বেশি বিদেশি সাংবাদিক এখন সাবলীল ও প্রাঞ্জল চীনা ভাষায় প্রশ্ন করছেন, যা প্রশংসনীয়। সমসাময়িক চীনকে উপলব্ধি করতে এবং চীনা সভ্যতা অন্বেষণের একটি মাধ্যম হিসেবে আমরা আরও বেশি বিদেশি বন্ধুকে চীনা ভাষা শিখতে স্বাগত জানাই।"
সূত্র: সিএমজি