রবিবার চীনে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সিদ্ধার্থ চ্যাটার্জি তাঁর পাঁচ বছরের মেয়াদ সম্পন্ন করেছেন। চীন থেকে বিদায় নেওয়ার আগে তিনি চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চীনে তাঁর কাজের মেয়াদটুকু তাঁর কর্মজীবনের সবচেয়ে মূল্যবান সময়। গত পাঁচ বছরে তিনি স্বচক্ষে চীনের অভাবনীয় উন্নয়ন দেখেছেন।
তিনি বিশ্বাস করেন, চীনের এই উন্নয়ন বিশ্বের জন্য আরও নতুন সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, চীনে কাজের অভিজ্ঞতা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সন্তোষজনক, তৃপ্তিদায়ক এবং সম্মানজনক অধ্যায়। তিনি চীনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভ্রমণ করেছেন এবং অনুভব করেছেন যে, সবাই দেশের উন্নয়নের জন্য কতটা গর্ববোধ করে।
বিষয়টি তাঁর মনে গভীর দাগ কেটেছে। তিনি প্রত্যক্ষ করেছেন কীভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ, বিশ্ব উন্নয়ন উদ্যোগ এবং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের মাধ্যমে চীনের উন্নয়নের অভিজ্ঞতা আফ্রিকার অনেক জায়গাকে গভীরভাবে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, চীন জাতিসংঘে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গত পাঁচ বছরে, জাতিসংঘ চীনা সরকার এবং জনগণের সাথে গভীর পারস্পরিক আস্থা স্থাপন করেছে এবং ফলপ্রসূ সহযোগিতা চালিয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, দারিদ্র্য হ্রাসে চীনের অর্জন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিশ্বব্যাপী অগ্রগতিতে সরাসরি অবদান রেখেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবনে চীনের অভিজ্ঞতা আরও অনেক উন্নয়নশীল দেশকে তাদের নিজস্ব উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সহায়তা করবে। তিনি চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে অত্যন্ত আশাবাদী এবং বিশ্বাস করেন যে, এটি বিশ্বে আরও সুযোগ নিয়ে আসবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)