এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ জিবুতির প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ইসমাইল ওমর গুয়েলেহকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার এক অভিনন্দন বার্তায় সি চিন পিং দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব ও ক্রমবর্ধমান রাজনৈতিক আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট সি তার বার্তায় উল্লেখ করেন যে, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও জিবুতির মধ্যে ব্যবহারিক সহযোগিতার ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। তিনি দুই দেশের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে প্রেসিডেন্ট গুয়েলেহ’র ব্যক্তিগত প্রচেষ্টার উচ্চ প্রশংসা করেন।
সি চিন পিং চীন-জিবুতি সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, উভয় দেশ তাদের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে অপরকে দৃঢ় সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।
সেইসঙ্গে দুই দেশের ব্যাপক কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার মাধ্যমে উভয় দেশের জনগণের জন্য টেকসই সুফল নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পূর্ব আফ্রিকার কৌশলগত অবস্থানে থাকা জিবুতির সাথে চীনের এই গভীর সম্পর্ক লোহিত সাগর অঞ্চলে বেইজিংয়ের ক্রমবর্ধমান কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি-সিনহুয়া