বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার বৈঠকে দুই পক্ষ স্বাস্থ্যখাতে চীন-বাংলাদেশ সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বিস্তৃত আলোচনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাস্থ্যখাতে সহযোগিতা দুই দেশের জনগণের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং এটি চীন-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের নতুন সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যে সংস্কার উদ্যোগ নিয়েছে, তাতে চীন সমর্থন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশকে অভিজ্ঞতা বিনিময়, কারিগরি সহযোগিতা এবং বাস্তবমুখী কর্মসূচির মাধ্যমে সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে। দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতাকে নতুন উচ্চতায় উন্নীত করতে উভয় দেশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।
বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূতের অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দেশের স্বাস্থ্যখাতে চীনের দীর্ঘদিনের সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করা হয়। তারা জানান, চীনের আধুনিকায়ন প্রক্রিয়ার অধীনে স্বাস্থ্যখাতের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে এবং কারিগরি বিনিময় ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সম্প্রসারণ করতে বাংলাদেশ আগ্রহী। এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব যেন আরও বেশি মানুষের কল্যাণে কাজে লাগে, সে আশাবাদও ব্যক্ত করা হয়।
নাহার/ফয়সল/ জেনিফার তথ্য ও ছবি-চীনা দূতাবাস