এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং তেলের দাম বৃদ্ধির কারণে থাইল্যালন্ডে বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা দ্রুত বাড়ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি তেল আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যা ভোক্তাদের বিকল্প হিসেবে ইভির দিকে ঝুঁকতে উৎসাহিত করছে।
এই পরিবর্তনের স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে ব্যাংকক আন্তর্জাতিক মোটর শো-তে, যেখানে চীনা ইভি ব্র্যান্ডগুলো বিভিন্ন সাশ্রয়ী মডেল প্রদর্শন করে মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এসএআইসি মোটর-সিপি’র নির্বাহী সহ-সভাপতি সুরোজ স্যাংসনিট বলেন, জ্বালানি খরচ বেড়ে যাওয়া গ্রাহকদের সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলছে এবং ইভি বিক্রিতে গড়ের চেয়ে বেশি প্রবৃদ্ধির আশা করা হচ্ছে।
মেলায় আসা দর্শনার্থীরাও এই পরিবর্তনের কথা বলছেন। একজন দর্শনার্থী বলেন, জ্বালানির দাম বাড়া ও সহজে জ্বালানি না পাওয়ার কারণে তিনি ইভি কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বজুড়েও একই প্রবণতা দেখা যাচ্ছে। মার্কিন অটো প্ল্যাটফর্ম কারএইজ জানিয়েছে, গত তিন সপ্তাহে ইভি অনুসন্ধান ২০ শতাংশ বেড়েছে। একইভাবে জার্মানির মেইন অটোতে আগ্রহ বেড়েছে ৪০ শতাংশ। যুক্তরাজ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য বাজারেও এই প্রবণতা স্পষ্ট হচ্ছে।
সূত্র: সিএমজি