এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বাণিজ্যিক জাহাজের জন্য ইরানের হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, মহাসচিব এই সিদ্ধান্তকে ‘সঠিক পথে একটি ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করছেন।
বিবৃতিতে ডুজারিক বলেন, আন্তর্জাতিক নৌ-চলাচলের অধিকার এবং স্বাধীনতা পুনরুদ্ধার জাতিসংঘের একটি দীর্ঘকালীন ও স্পষ্ট অবস্থান। মহাসচিবের মতে, হরমুজ প্রণালীতে চলাচলের এই স্বাধীনতা সকল পক্ষের তরফ থেকে সম্মানিত হওয়া জরুরি।
তিনি আরও উল্লেখ করেন যে, গুতেরেস মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনে চলমান সকল কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
মহাসচিব আশা প্রকাশ করেছেন যে, এই সিদ্ধান্ত এবং ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে। বিশেষ করে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান সংলাপকে এই পদক্ষেপ আরও শক্তিশালী করবে বলে তিনি বিশ্বাস করেন।
দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পর হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ সচল হওয়াকে বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় জয় হিসেবে দেখছে জাতিসংঘ।
নাহার/সাকিব
তথ্য ও ছবি- সিসিটিভি