পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধ চুক্তি-এনপিটি থেকে বেরিয়ে আসার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে ইরানের সংসদ। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সোমবার এ কথা জানিয়েছেন, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
ইরানসংশ্লিষ্ট বিভিন্ন মহল বিশেষ করে সংসদ এখন এই বিষয়টি ভাবছে যে, এনপিটিতে থেকে যাওয়ার আর যৌক্তিকতা নেই। চুক্তির আওতায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ’র দায়িত্ব ছিল ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে সহায়তা ও সুরক্ষা দেওয়া। কিন্তু, তেহরানের অভিযোগ, এ সংস্থাটি তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ।
ইরান আরও অভিযোগ তুলেছে যে, আইএইএ পরোক্ষভাবে শত্রুপক্ষকে তাদের পারমাণবিক স্থাপনায় হামলার সুযোগ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি।
তবে ইরান স্পষ্ট করেছে যে, এনপিটি থেকে সরে যাওয়া মানে এই নয় যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে। তবে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পরিদর্শনের আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে ‘গোয়েন্দাগিরি’চালাচ্ছে অভিযোগ তুলে তা বন্ধের আহ্বান জানিয়েছে তেহরান।
সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরান এখনো এনপিটি’র সদস্য এবং চুক্তির সব বাধ্যবাধকতা মেনে চলছে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।
সূত্র: সিএমজি