চীনের উচ্চ-প্রযুক্তি শিল্পে চলতি বছরের প্রথম দুই মাসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চীনের রাষ্ট্রীয় কর প্রশাসন প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারি সময়কালে দেশটির উচ্চ-প্রযুক্তি শিল্পের বিক্রয় রাজস্ব বছরে ১৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে চীনের উদ্ভাবন-ভিত্তিক শিল্পগুলো দ্রুত গতিতে সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে উচ্চ-প্রযুক্তি পরিষেবা শিল্পের বিক্রয় রাজস্ব বছরে ১৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মধ্যস্থতাকারী পরিষেবা খাতের প্রবৃদ্ধি ছিল ২৫.৬ শতাংশ এবং প্রাকৃতিক বিজ্ঞান গবেষণা ও পরীক্ষামূলক উন্নয়ন খাতের প্রবৃদ্ধি ছিল ১৭.৪ শতাংশ।
একই সময়ে, উচ্চ-প্রযুক্তি উৎপাদন শিল্পের বিক্রয় রাজস্ব বছরে ১৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিম্ন-উচ্চতার অর্থনীতি, বাণিজ্যিক মহাকাশ শিল্প এবং ভোক্তা ইলেকট্রনিক্সের মতো খাতের প্রবৃদ্ধির ফলে মহাকাশ সরঞ্জাম উৎপাদন এবং ইলেকট্রনিক ও যোগাযোগ সরঞ্জাম উৎপাদন খাতের বিক্রয় রাজস্ব যথাক্রমে ২৮.৫ শতাংশ এবং ১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইনভয়েসিং তথ্য থেকে দেখা যায়, জানুয়ারি-ফেব্রুয়ারি সময়কালে চীনের বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত পরিষেবা খাতের বিক্রয় রাজস্ব বছরে ২৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দ্রুত প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে। এছাড়া মেধাস্বত্ত্বভিত্তিক সম্পত্তি (পেটেন্ট)-নিবিড় শিল্পের বিক্রয় রাজস্ব বছরে ১২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অধিকন্তু, একই সময়ে ডিজিটাল প্রযুক্তির কর্পোরেট ক্রয় এবং মূল ডিজিটাল অর্থনীতির শিল্পের বিক্রয় রাজস্ব উভয়ই বছরে ১০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জেনিফার/ ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি