বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে উভয় পক্ষ জনকল্যাণমূলক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।
এ সময় তিনি বলেন, সামাজিক কল্যাণ সরাসরি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের সাথে জড়িত এবং এটি একটি রাষ্ট্রের জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। চীন বাংলাদেশের সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিরন্তর সমর্থন দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে এবং 'চীনা আধুনিকায়ন'-এর মাধ্যমে লব্ধ অভিজ্ঞতা বিনিময়ে আমরা আগ্রহী। এই সহযোগিতার ফলে চীন-বাংলাদেশ বন্ধুত্ব সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বৈঠকে বাংলাদেশের জাতীয় উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে চীনের ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
সূত্র: সিএমজি