এপ্রিল ২: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট করেছেন। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ২ থেকে ৩ সপ্তাহব্যাপী তীব্র হামলা চালাবে। তিনি আরও হুমকি দিয়েছেন যে, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো সমাধানে না আসে, তবে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। এ বিষয়ে চীনের মন্তব্য কী?"
জবাবে মাও নিং বলেন, সামরিক শক্তি প্রয়োগ কখনোই কোনো সমস্যার মূল সমাধান হতে পারে না। সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি কোনো পক্ষের জন্যই লাভজনক নয়। চীন সংশ্লিষ্ট সব পক্ষকে পুনরায় জোরালো আহ্বান জানায়, যেন তারা অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে এবং দ্রুত শান্তি আলোচনা প্রক্রিয়া শুরু করে। সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমস্যার প্রকৃত সমাধান খুঁজে বের করতে হবে, যাতে বিশ্ব অর্থনীতি এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় আর কোনো গুরুতর প্রভাব না পড়ে।
সূত্র: সিএমজি