উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের সঙ্গে চীনের দুই বড় শহর শাংহাই ও শেনচেনের সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। পর্যটন ও ব্যবসা-বাণিজ্য বাড়ানোর লক্ষ্যেই সম্প্রতি নতুন এই রুট দুটির উদ্বোধন করা হয়।
গত রোববার তাসখন্দ বিমানবন্দরে শেনচেন থেকে আসা প্রথম ফ্লাইটটি পৌঁছায়। এটি পরিচালনা করছে উজবেকিস্তানের জাতীয় বিমান সংস্থা 'উজবেকিস্তান এয়ারওয়েজ'। উরুমছি, হাংচৌ এবং বেইজিংয়ের পর এটি তাদের চতুর্থ গন্তব্য। মূলত পর্যটন ও ব্যবসার ব্যাপক চাহিদার কারণেই এই আধুনিক শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়েছে।
এরপর সোমবার শাংহাই থেকে তাসখন্দে পৌঁছায় সরাসরি আরেকটি ফ্লাইট। এটি পরিচালনা করছে চীনের 'চায়না ইস্টার্ন এয়ারলাইন্স'। সংস্থাটি জানিয়েছে, প্রতি সপ্তাহে এই রুটে চারটি ফ্লাইট চলবে। ভবিষ্যতে উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরকন্দের সঙ্গেও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে তাদের।
উজবেকিস্তানের পর্যটন কমিটি জানিয়েছে, দুই দেশের নেতাদের মধ্যকার চুক্তির ফলেই বিমান যোগাযোগ বাড়ানো সম্ভব হয়েছে।
বর্তমানে চীন ও উজবেকিস্তানের মধ্যে ভিসা-মুক্ত যাতায়াত ব্যবস্থা চালু রয়েছে, যা পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করে তুলেছে।
নাহার/লুৎফর
তথ্য ও ছবি-সিসিটিভি