চীনে বসন্তকালীন ভ্রমণ এখন আরও আকর্ষণীয়, সুবিধাজনক ও আধুনিক হয়ে উঠছে প্রযুক্তির কল্যাণে। অগমেন্টেড রিয়েলিটি (এআর) সাইক্লিং গ্লাস যা সাইক্লিস্টদের জন্য বিশেষভাবে তৈরি আধুনিক চশমা, স্বয়ংক্রিয় নৌকা এবং ড্রোন ডেলিভারির মতো নতুন নতুন উদ্ভাবন পর্যটন খাতে নতুন গতি পেয়েছে।
উত্তর-পশ্চিম চীনের সিয়ান শহরের প্রাচীন নগরপ্রাচীর এলাকায় স্মার্ট স্বয়ংচালিত নৌকা পর্যটকদের দেয়ালের নিচের পরিখা দিয়ে আরামদায়ক ভ্রমণের সুযোগ করে দিচ্ছে। নৌকায় বসে কেউ ছবি তুলছেন, কেউ আবার চা তৈরি করে উপভোগ করছেন বসন্তের মনোরম পরিবেশ।
একজন পর্যটক জানান, এই স্মার্ট নৌকা ভ্রমণকে আরও সহজ করেছে এবং এর গতি এমনভাবে নির্ধারিত যে দর্শনার্থীরা প্রকৃতির সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারেন।
একই স্থানে সাইকেল ভাড়া নেওয়ার সময় পর্যটকরা এরআর প্রযুক্তিযুক্ত স্মার্ট চশমাও ভাড়া নিতে পারেন। সাইকেল চালানোর সময় এই চশমা স্বয়ংক্রিয়ভাবে আশপাশের দর্শনীয় স্থান সম্পর্কে অডিও গাইড চালু করে, ফলে ভ্রমণ অভিজ্ঞতা হয়ে ওঠে আরও জীবন্ত।
এই উদ্যোগ চালুর পর পর্যটকদের গড় অবস্থানকাল প্রায় ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যদিকে, উত্তর চীনের সিংথাই শহরের হান্ড্রেড স্প্রিংস ইউয়ানশুই পার্কে দর্শনার্থীরা কাচবিহীন বিশাল স্ক্রিন থিয়েটার এবং ৬-ডিগ্রি-অফ-ফ্রিডম মুভমেন্ট সিস্টেমযুক্ত সিনেমার মতো ইমারসিভ অভিজ্ঞতা উপভোগ করছেন। এতে তারা ওই এলাকার ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে নতুনভাবে জানাতে পারছেন।
এ ধরনের প্রযুক্তিনির্ভর সেবা শুধু পর্যটকদের অভিজ্ঞতাই উন্নত করছে না বরং চীনের পর্যটন খাতকে আরও গতিশীল ও আধুনিক করে তুলছে।
ঐশী/লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি