“আপনারা আমাদের কাছে শান্তি চান এবং আমরা তা দিই; অথচ ডোনাটের দোকান থেকে বের হওয়ার সময় আমাদের মুখে গুলি করা হয়।” এক মাসের মধ্যে মিনেসোটা রাজ্যে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) কর্মকর্তাদের গুলিতে দুজন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। তাঁর এই মন্তব্যটি মার্কিন ফেডারেল সরকার এবং রাজ্য সরকারগুলোর মধ্যে ক্রমবর্ধমান গভীর বিভেদ ও সংঘাতকে স্পষ্ট করে তোলে।
চীনের সিজিটিএন পরিচালিত বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর এক জরিপে দেখা গেছে, ৯২.২ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে মার্কিন সমাজ একটি ‘দুষ্টচক্রের’ মধ্যে পড়েছে। যেখানে ‘সহিংস ঘটনা কঠোর নিয়ন্ত্রণের জন্ম দেয় এবং কঠোর নিয়ন্ত্রণগুলো বিভেদকে আরও তীব্র করে তোলে।’
জরিপ বলছে, ‘আমেরিকা কর্তৃক আমেরিকাকে আক্রমণের’ পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। জরিপে ৮৮.২ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগে সহিংসতা একটি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সমস্যা। ৯৩.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান বিচার ব্যবস্থা পদ্ধতিগতভাবে সেইসব আইন প্রয়োগকারী কর্মকর্তার পক্ষ নেয়, যারা ক্ষমতার অপব্যবহার করেন। এ ছাড়া ৯৩.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের সামাজিক বিশৃঙ্খলা, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং রাজনৈতিক মেরুকরণের বহিঃপ্রকাশ।
৮৯ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্র এখন আর নিরাপদ নয়। এই জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি এবং রুশ প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল এবং ২৪ ঘণ্টার মধ্যে মোট ১৯,৪৪৪জন ইন্টারনেট ব্যবহারকারী এতে অংশগ্রহণ করে তাদের মতামত জানিয়েছেন।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)