অ্যান্টার্কটিকায় ৪২তম বৈজ্ঞানিক অভিযানে রয়েছে চীনের আইসব্রেকার জাহাজ সুয়েলং-২। সম্প্রতি জাহাজটি রস সাগর থেকে এক সেট 'সাব-সারফেস মুরিং বয়া' (সমুদ্রের তলদেশে থাকা বিশেষ সংকেত যন্ত্র) সমুদ্রের তলদেশ থেকে সফলভাবে তুলে এনেছে। উদ্ধার অভিযানটি মোটেও সহজ ছিল না। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে বিজ্ঞানীদের চরম প্রতিকূল আবহাওয়ার মোকাবিলা করতে হয়েছে। সে সময় সমুদ্র এলাকায় বাতাসের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ২০ মিটারেরও বেশি।
তীব্র ঝড়ো হাওয়া এবং হিমাঙ্কের নিচের তাপমাত্রার মধ্যেই অত্যন্ত সতর্কতার সাথে যন্ত্রগুলো পানি থেকে তুলে আনা হয়। উদ্ধার করা সিস্টেমটি গত বছর সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছিল। বর্তমান অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত গবেষক দলটি মোট চার সেট এ ধরনের বয়া উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই যন্ত্রগুলো মূলত সমুদ্রের পানির তাপমাত্রা, লবণাক্ততা এবং স্রোত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে।
শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি