এপ্রিল ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মিয়ানমারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ ও এর নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে চীনের আগ্রহের কথা জানান।
অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীন ও মিয়ানমার পাহাড় ও নদী দ্বারা সংযুক্ত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং দুই দেশের জনগণ দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে।
তিনি বলেন, উভয় দেশের যৌথভাবে গৃহীত শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চনীতির নির্দেশনায় চীন ও মিয়ানমার সম্প্রীতির সঙ্গে সহাবস্থান করে আসছে, সুখে-দুঃখে একে অপরকে সমর্থন করছে এবং নিজ নিজ মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে চলেছে, যা চীন-মিয়ানমার অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়ের গভীর চেতনাকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে।
সি গত বছর মিন অং হ্লাইংয়ের সঙ্গে তার দুটি বৈঠকের কথা উল্লেখ করেন এবং একটি অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন চীন-মিয়ানমার কমিউনিটি গঠনে গতি আনার বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ ঐকমত্যের কথা জানান। তিনি বলেন, উভয়পক্ষই বিষয়টি সক্রিয়ভাবে অনুসরণ করছে।
চলতি বছর চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬-৩০) সূচনা হয়েছে এবং মিয়ানমার রাজনৈতিক রূপান্তর ও জাতীয় উন্নয়নের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে—এই বিষয়টি উল্লেখ করে সি বলেন, তিনি চীন-মিয়ানমার সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন।
তিনি নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীর করতে এবং একটি অভিন্ন ভবিষ্যৎ সম্পন্ন চীন-মিয়ানমার কমিউনিটির গভীরতর ও আরও সুদৃঢ় উন্নয়নে পথনির্দেশনা দিতে তার আগ্রহ প্রকাশ করেন। এর মাধ্যমে উভয়দেশের জনগণের জন্য বৃহত্তর সুবিধা বয়ে আনা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখা সম্ভব হবে।
৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং শুক্রবার মিয়ানমারের সংসদে অর্ধেকের বেশি ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্টে নির্বাচনে জয়ী হন।
এ ছাড়াও শুক্রবার, ভাইস-প্রেসিডেন্ট হান চেং মিয়ানমারের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইউ নিও স এবং নান নি নি আয়েকে অভিনন্দন জানিয়েছেন।
হাশিম/লুৎফর
তথ্য ও ছবি: চায়না ডেইলি/সিনহুয়া।