গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ঘাগটিয়া ইউনিয়ন শাখার আমীর মো: ইমতিয়াজ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের নবনির্বাচিত সাংসদ অধ্যক্ষ মু.সালাহউদ্দিন আইউবী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর রহমতে আপনারা আমাকে মনোনীত করেছেন। আমিও যেন আপনাদের আমানত রক্ষায় কাজ করতে পারি। আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, আপনারা আমাকে সহযোগিতা না করলে, আমার একার পক্ষে সকল কাজ করা সম্ভব হবে না।
তিনি আরো বলেন, সমাজ থেকে অন্যায় এবং অপরাধ দূর করতে হলে প্রথমে নিজেকে ভালো হতে হবে। ইতোমধ্যেই পুলিশ গরু চোরদের গ্রেফতার শুরু করেছে।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ফরহাদ হোসেন মোল্লা, ঘাগটিয়া ইউনিয়নের আমীর মোঃ ইমতিয়াজ বকুল, ঘাগটিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মনিরুজ্জামান মহসিন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনসহ প্রমুখ।
সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ঘাগটিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসা, জামায়াতের ঘাগটিয়া ইউনিয়নের যুব ইউনিট এবং ৮ নং ওয়ার্ড জামায়াতের পক্ষ থেকে সাংসদ মু. সালাহউদ্দিন আইউবীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও ইউনিয়নের ওয়ার্ড থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।