মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে রোববার চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগমুহুর্তে এই আহ্বান জানায় দেশটি। বৈঠকে পাকিস্তান ছাড়াও অংশ নিচ্ছে তুরস্ক, মিসর এবং সৌদি আরব।
শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি’র সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফোনে তিনি বলেন, স্থায়ী শান্তির একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি।
এ ছাড়া সামাজিক মাধ্যমে ইসহাক দার আরও জানান, তেহরান অতিরিক্ত ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে। এ বিষয়টিকে ইরানের ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, এমন উদ্যোগ অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হবে।
পাকিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানের মাধ্যমে পরোক্ষ আলোচনায় তারা সহায়তা করছে। এ প্রক্রিয়ায় তুরস্ক ও মিশরসহ অন্যান্য দেশও ভূমিকা রাখছে বলে জানা গেছে।
লুৎফর/হাশিম
তথ্য ও সূত্র: সিজিটিএন।