মার্চ ২৩: উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বা সর্বোচ্চ গণপরিষদের প্রথম অধিবেশন গতকাল (রোববার) রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উন 'রাষ্ট্রীয় বিষয় কমিশন'-এর চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। উত্তর কোরীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) আজ (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতি অনুযায়ী, এবারের অধিবেশনে একটি নতুন রাষ্ট্রীয় পরিষদও গঠন করা হয়েছে। এতে জো ইয়ং-ওন রাষ্ট্রীয় বিষয় কমিশনের প্রথম ভাইস-চেয়ারম্যান বা উপ-সভাপতি পদে পদোন্নতি পেয়েছেন। পাশাপাশি, অধিবেশনে ৬৮৭জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জো ইয়ং-ওন সর্বোচ্চ গণপরিষদের স্থায়ী কমিটির সভাপতি এবং কিম হিয়ং-সিক ও রি সন-গোন স্থায়ী কমিটির উপ-সভাপতি নির্বাচিত হন।
অধিবেশনে মন্ত্রিসভার নতুন সদস্যদেরও নিয়োগ দেওয়া হয় এবং পাক থায়ে-সং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে পাক থায়ে-সং মন্ত্রিসভার সদস্যদের মনোনীত করেন, যা অধিবেশনে সর্বসম্মতিক্রমে ভোটে অনুমোদিত হয়।
সূত্র: সিএমজি