চীন সবসময় এমন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে যা আন্তর্জাতিক আইনের ভিত্তিহীন অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনবিহীন। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
যুক্তরাজ্য মঙ্গলবার রাশিয়াকে লক্ষ্য করে তাদের নিষেধাজ্ঞার তালিকা বাড়িয়েছে, যেখানে প্রায় ২৫০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে যুক্ত করা হয়েছে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাও নিং এসব কথা বলেন।
মাও নিং বলেন, যুক্তরাজ্যের সংশ্লিষ্ট পদক্ষেপে চীন গভীর অসন্তোষ প্রকাশ করছে। ইউক্রেন সংকটের বিষয়ে চীন ধারাবাহিকভাবে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পক্ষে কাজ করে যাচ্ছে এবং দ্বৈত-ব্যবহারযোগ্য (ডুয়াল-ইউজ) পণ্যের রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। মাও নিং আরও বলেন, চীন ও রাশিয়ার মধ্যে স্বাভাবিক আদান-প্রদান ও সহযোগিতা কোনোভাবেই বাধাগ্রস্ত বা প্রভাবিত হওয়া উচিত নয়। তিনি সতর্ক করে বলেন, চীন তার বৈধ ও আইনসম্মত অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সূত্র: সিএমজি