দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে একটি গুরুত্বপূর্ণ অতিউচ্চ ভোল্টেজ ভিত্তিক সরাসরি বিদ্যুৎ পরিবহন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার এই প্রকল্প চালু করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই প্রকল্পের মাধ্যমে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিচ্ছন্ন জ্বালানি হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ চীনের কুয়াংতোং–হংকং–ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় পৌঁছে দেওয়া হবে।
প্রায় ২ হাজার ৬৮১ কিলোমিটার দীর্ঘ এই বিদ্যুৎ লাইনটি চারটি প্রাদেশিক অঞ্চলের মধ্য দিয়ে যাবে, যার মধ্যে ইয়ুননান ও কুয়াংসি অঞ্চলও রয়েছে। পুরো প্রকল্পটি ২০২৯ সালে সম্পূর্ণ চালু হলে এর ক্ষমতা হবে ১০ গিগাওয়াট, এবং প্রতিবছর প্রায় ৪৩ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করবে।
ইয়ুননান অংশের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান (প্রায় ১ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার)। এই অংশটি ১ হাজার ৯৪ কিলোমিটার দীর্ঘ, যা প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় অংশ। পার্বত্য ও দুর্গম অঞ্চলে কাজ হওয়ায় নির্মাণকাজ অত্যন্ত কঠিন পরিবেশে চলছে—কিছু এলাকায় ৩ হাজার মিটারেরও বেশি উচ্চতায় এবং কিছু টাওয়ার ৪ হাজার মিটার উচ্চতায় স্থাপন করা হবে।
নির্মাণ দ্রুত ও নিরাপদ রাখতে ভারী মালামাল পরিবহনের জন্য ড্রোন ব্যবহার করা হবে। ইয়ুননান অংশটি ২০২৮ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
সূত্র: সিএমজি বাংলা