চীনের বিজ্ঞানীরা নিকেল-ভিত্তিক উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টর গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণায় এই সাফল্যের কথা জানানো হয়।
এ গবেষণা পরিচালনা করে দক্ষিণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুয়ে ছিখুনের দল, যার সঙ্গে সহযোগিতা করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা স্বাভাবিক চাপের মধ্যে নিকেল-ভিত্তিক দুটি নতুন সুপারকন্ডাক্টিং উপাদান তৈরি করতে সক্ষম হয়েছেন।
সুপারকন্ডাক্টর এমন একটি পদার্থ যেখানে বিদ্যুৎ প্রবাহের কোনো প্রতিরোধ থাকে না, ফলে কোনো শক্তি ক্ষতি ছাড়াই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টর ভবিষ্যতে শক্তি পরিবহন, উন্নত সেন্সর প্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিকেল-ভিত্তিক উপাদানকে এখন উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টরের একটি সম্ভাবনাময় তৃতীয় শ্রেণী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা তামা ও লোহা-ভিত্তিক সিস্টেমের পরবর্তী ধাপ। তবে উচ্চ অক্সিডেশন স্টেট নিয়ন্ত্রণের জটিলতার কারণে এই ক্ষেত্রে অগ্রগতি সীমিত ছিল।
সূত্র: সিএমজি বাংলা