এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক : উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে দেশের বৃহত্তম অতিগভীর কনডেনসেট গ্যাসক্ষেত্র বোচি-তাপেই গ্যাস জোন নতুন মাইলফলক অর্জন করেছে। শনিবার পর্যন্ত এই গ্যাসক্ষেত্রে ১২টি উচ্চ উৎপাদনশীল কূপের সংখ্যা দাঁড়িয়েছে, যার প্রতিটিই ১ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনের রেকর্ড গড়েছে।
পেট্রোচায়না থারিম অয়েলফিল্ডের ধারাবাহিক প্রযুক্তিগত উদ্ভাবন ও দক্ষ ব্যবস্থাপনার ফলে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটি ভূগর্ভস্থ রিজার্ভার, কূপ এবং ভূপৃষ্ঠের স্থাপনাগুলোকে সমন্বিত করে একটি উন্নত উন্নয়ন মডেল গড়ে তুলেছে। পাশাপাশি, কূপ পরিষ্কারকরণ ও গ্যাস কূপে তরল অপসারণসহ একাধিক বিশেষায়িত প্রযুক্তি উদ্ভাবন হয়েছে।
গ্যাস উৎপাদনে বাধা সৃষ্টি করা পানি জমার সমস্যা সমাধানে একটি উদ্ভাবনী “পাঁচ-এক” ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে পানি নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সমন্বয়, ইনজেকশন এবং প্লাগিং প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। এর ফলে গ্যাস কূপগুলোর উৎপাদনকাল উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে।
থিয়ানশান পর্বতমালার দক্ষিণ পাদদেশে অবস্থিত এই গ্যাসক্ষেত্রের রিজার্ভ সাধারণত ৬ হাজার মিটারেরও বেশি গভীরে অবস্থিত। ২০১৯ সালে বৃহৎ পরিসরে উৎপাদন শুরু হওয়ার পর বোচি-তাপেই গ্যাস জোন থারিম অয়েলফিল্ডের প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
বর্তমানে এখানে ৮০টিরও বেশি কূপ চালু রয়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত পাঁচটি নতুন কূপ উৎপাদনে যুক্ত হয়েছে এবং পূর্বে বন্ধ থাকা দুটি কূপ পুনরায় চালু করা হয়েছে।
ঐশী/ লুৎফর
তথ্য ও ছবি : সিসিটিভি