বৈশ্বিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন স্পেনের রাজনৈতিক নেতারা। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যখন চীন সফর করছেন তখন এ মন্তব্য করলেন, স্পেনের কমিউনিস্ট পার্টির সভাপতি হোসে লুইস সেন্তেলা।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে সাক্ষাৎকারে সেন্তেলা বলেন, বর্তমান বিশ্ব কঠিন সময় পার করছে। এ সময়ে প্রধানমন্ত্রী সানচেজের চীন সফর কূটনৈতিক সম্পর্ক জোরদার করার সুবর্ণ সুযোগ।
তিনি আরও বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য পথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং ইরান সংশ্লিষ্ট সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছে। এ প্রেক্ষাপটে চীন-স্পেন সহযোগিতা নতুন বাজার উন্মোচন ও শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে পারে।
স্পেনের এ রাজনীতিক বলেন, গত কয়েক বছরে সানচেজের একাধিক চীন সফর দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে। তেমনি, বর্তমানে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে স্পেনকে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে দেখা হচ্ছে।
এ সফরে সানচেজ শুধু স্পেনের প্রতিনিধিত্ব করছেন না ইইউ’র পক্ষ থেকেও চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইতিবাচক বার্তা পৌঁছে দেবেন।
সূত্র: সিএমজি বাংলা