মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনচেন এবং তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদের মধ্যে চালু হওয়া সরাসরি কার্গো রুট আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি এনেছে। ধীরগতির স্থল পরিবহনের পরিবর্তে এখন একই দিনে পণ্য পৌঁছে দেওয়ার সুবিধা তৈরি হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
২০২৫ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা এই নতুন করিডরের গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।
শেনচেন বাও'আন আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে দুইবার এই কার্গো ফ্লাইট পরিচালিত হয়। প্রতিটি ফ্লাইটে সময়সংবেদনশীল পণ্য পরিবহন করা হয়, যা রপ্তানিকারকদের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে। ফ্লাইট ছাড়ার আগের দিন কাছাকাছি গুদামে পণ্য প্রস্তুত করা হয়, ফলে একটি সুসংগঠিত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে দ্রুত ডেলিভারি নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এদিকে দ্রুতগতির এই বিমান পরিবহন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে কাস্টমস ব্যবস্থাও আধুনিক করা হয়েছে। স্মার্ট চেকপয়েন্ট, নিরাপত্তা লক এবং ২৪ ঘণ্টা কাস্টমস ক্লিয়ারেন্স চালুর মাধ্যমে পণ্য দ্রুত ছাড়পত্র পাচ্ছে।
আজাদ/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি