মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে ‘১০ম সীমান্ত প্রতিরক্ষা বন্ধুত্ব বিনিময়’ কার্যক্রম। সোমবার সকালে ভিয়েতনামের একটি নৌবহর দক্ষিণ চীনের কুয়াংসি অঞ্চলের ফাংছেংকাং বন্দরে পৌঁছানোর মধ্য দিয়ে এই সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
সোমবার সকাল ৯টায় ভিয়েতনামের অত্যাধুনিক ফ্রিগেট ট্রান হুং দাও এবং লি থাই তো কুয়াংসি বন্দরে প্রবেশ করলে চীনের হংইয়াং ও এনশি ফ্রিগেটের নাবিকরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। আনুষ্ঠানিকতা শেষে ভিয়েতনামের নৌ-কমান্ডার চীনের হংইয়াং ফ্রিগেট পরিদর্শন করেন এবং উভয়পক্ষের মধ্যে শুভেচ্ছা-স্মারক বিনিময় ও দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনে কেবল সামরিক আলোচনা নয়, বরং দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক বিনিময়ের ওপরও জোর দেওয়া হয়েছে।
আগামী কয়েক দিনে দুই দেশ নৌযান পরিদর্শন, সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় কর্মসূচি আয়োজন করবে। পাশাপাশি বেইবু উপসাগরে ৪০তম যৌথ টহল ও প্রশিক্ষণ মহড়ার জন্য যৌথ নৌবহর গঠন করা হবে।
এ ছাড়া সীমান্ত এলাকার সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হবে।
চীন-ভিয়েতনাম সীমান্ত প্রতিরক্ষা বন্ধুত্ব বিনিময় কার্যক্রম প্রথম শুরু হয় ২০১৪ সালে। এটি দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের একটি বাস্তব উদ্যোগ।
নাহার/হাশিম
তথ্য ও ছবি- সিসিটিভি।