সিরিয়ার রাসায়নিক অস্ত্র সংক্রান্ত সমস্যার সমাধানে অগ্রগতি এবং অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।
মঙ্গলবার জাতিসংঘে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। ফু ছোং জানান, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার কারিগরি সচিবালয় সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বজায় রেখে কাজ করছে। তারা সিরিয়ার ২০টি স্থানে মাঠপর্যায়ে তদন্তও সফলভাবে পরিচালনা করেছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীন।
ফু ছোং বলেন, রাসায়নিক অস্ত্র কনভেনশন অনুযায়ী এসব মারণাস্ত্র যাচাইযোগ্য ও স্থায়ীভাবে ধ্বংস করার নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, সিরিয়া সমস্যার সমাধানে সন্ত্রাসবাদ দমন আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন এবং নিরাপত্তা পরিষদ চিহ্নিত সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান। ফু ছোং সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের হাতে রাসায়নিক অস্ত্র পৌঁছাতে দেওয়া যাবে না বা তাদের দিয়ে এসব অস্ত্র তৈরি বা ব্যবহার করতে দেওয়া যাবে না। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
রাসেল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি