চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদী সম্ভাবনা নিয়ে জার্মান ব্যবসায়ী মহলে এখনো অটুট আস্থা বিরাজ করছে। বিশেষ করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস-এর চলমান চীন সফর দুই দেশের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। উত্তর চীনে অবস্থিত জার্মান চেম্বার অফ কমার্সের নির্বাহী পরিচালক অলিভার ওহমস এই আশাবাদের কথা জানিয়েছেন।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর আমন্ত্রণে চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস চীনে তার প্রথম আনুষ্ঠানিক সফরে এসেছেন। তার এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন উচ্চপদস্থ ব্যবসায়ী প্রতিনিধি দল। জার্মান কোম্পানিগুলো চীনের মধ্য ও দীর্ঘমেয়াদী বাজার নিয়ে যথেষ্ট আশাবাদী। ওহমস বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে বলেন, ‘চীনা কোম্পানিগুলো বাজারের যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, জার্মান কোম্পানিগুলোও একই অভিজ্ঞতার সম্মুখীন। আমরা সবাই চাই চীনের অভ্যন্তরীণ বাজার আরও গতিশীল হয়ে উঠুক।‘
তিনি আরও যোগ করেন যে, জার্মানি ও চীনের বাজারের আচরণে বর্তমানে কিছুটা সাদৃশ্য দেখা যাচ্ছে। তার মতে, ভোক্তা এবং শিল্পের আত্মবিশ্বাস বাড়ানো সব সময় রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না, তবে আগামী দুই বছরের মধ্যে বাজারের গতিশীলতা আরও বাড়বে বলে জার্মান ব্যবসায়ী সম্প্রদায় দৃঢ় বিশ্বাস রাখে। কেবল অর্থনৈতিক সম্পর্কই নয়, ওহমস জোর দিয়েছেন কূটনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিনিময়ের ওপর। তার মতে, এ ধরনের সফর অংশীদারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গভীর করে।
সূত্র: সিএমজি