এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হয়েছে জনপ্রিয় তৃণমূল পর্যায়ের ফুটবল লিগ ‘সিটি সুপার লিগ’-এর নতুন মৌসুম। গত বছরের অভাবনীয় সাফল্যের পর এবারও সাধারণ মানুষের মাঝে ফুটবল নিয়ে তুমুল উন্মাদনা দেখা যাচ্ছে, যা দেশটির ক্রীড়া অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে।
গত সোমবার ছেচিয়াং প্রদেশে ‘উয়ুয়ে কাপ’ ফুটবলের জমকালো উদ্বোধন হয়। ৬২৭ জন অপেশাদার খেলোয়াড় নিয়ে গঠিত ১১টি শহরের দল এতে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে শহর চিয়াসিন ১-০ গোলে শহর কুচৌকে পরাজিত করে। মাঠের লড়াইয়ের পাশাপাশি স্টেডিয়ামের বাইরে জার্সি ও স্যুভেনিয়ার বিক্রিতেও ধুম পড়েছে। গত বছর চিয়াংসু প্রদেশের লিগ চলাকালীন খুচরা বিক্রয় খাতে প্রায় ১১ দশমিক ৬৪ বিলিয়ন ইউয়ান আয় হয়েছিল, যা অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে।
দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশেও চলতি মাসের শেষে ২১টি শহরের অংশগ্রহণে শুরু হচ্ছে বড় এই টুর্নামেন্ট। ২০২৫ সালে চীনের ক্রীড়া শিল্পের বাজার ছাড়িয়েছে ৫ ট্রিলিয়ন ইউয়ান । সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই খাতের মূল্য ৭ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে। তৃণমূলের এই ফুটবল উন্মাদনা মাঠে বাইরে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যেও বড় ভূমিকা রাখছে।
রাসেল/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি