এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে দ্রুত নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে চীন।
বুধবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করে এই গুরুত্বপূর্ণ নৌপথে স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবহন নিশ্চিত করতে হবে।
সম্প্রতি কয়েক সপ্তাহের উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে এ সমঝোতা হয়, এবং পাকিস্তানে পরবর্তী আলোচনার পরিকল্পনাও রয়েছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালিটি দিয়ে বিশ্বের বড় অংশের তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং সার পরিবাহিত হয়। সাম্প্রতিক অস্থিরতার কারণে এখানকার জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে।
মাও নিং বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নির্বিঘ্ন চলাচল আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার স্বার্থের সঙ্গে জড়িত। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি