এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
বুধবার বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরুর পর থেকেই চীন যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
মাও নিং জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এরইমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ২৬টি টেলিফোন আলাপ করেছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূতও একাধিকবার অঞ্চলটি সফর করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়েছেন।
তিনি আরও বলেন, চীন ও পাকিস্তান যৌথভাবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি পাঁচ দফা উদ্যোগও প্রস্তাব করেছে।
মাও নিং জোর দিয়ে বলেন, একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন ভবিষ্যতেও উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।