মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: কাজাখস্তানে নতুন সংবিধান নিয়ে সফলভাবে গণভোট সম্পন্ন হওয়ায় দেশটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে চীন। সোমবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই অভিনন্দন জানান।
গত রোববার কাজাখস্তানে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। বুথ-ফেরত জরিপের তথ্য অনুযায়ী, দেশটির অধিকাংশ ভোটার নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছেন।
মুখপাত্র লিন চিয়ান বলেন, একটি স্থায়ী কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন সবসময় কাজাখস্তানের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের নেতৃত্বে কাজাখস্তানের জনগণ একটি ‘ন্যয়ভিত্তিক রাষ্ট্র’ গড়ার লক্ষ্যে আরও বড় সাফল্য অর্জন করবে।
চীন সবসময় কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় উল্লেখ করে লিন চিয়ান আরও জানান, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনের দিনগুলোতে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিং সম্পূর্ণ প্রস্তুত।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।