চীনের পূর্বাঞ্চলীয় শহর নানচিং এ শনিবার শুরু হয়েছে মহাকাশ ফ্রন্টিয়ার্স বা সীমান্ত সম্মেলনের তৃতীয় আসর। তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিয়েছেন ১২ জনের বেশি শিক্ষাবিদ এবং প্রায় ১ হাজার ৭০০ গবেষক ও প্রকৌশলী। তারা মহাকাশ ও বিমান প্রযুক্তির নতুন উন্নয়ন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন।
শাংহাই চিয়া থং বিশ্ববিদ্যালয়ের বিমান ও মহাকাশচারী স্কুলের গবেষক চাং পো বলেন, তরুণ শিক্ষক ও পিএইচডি গবেষকদের উচিত মূল উদ্ভাবনী প্রযুক্তির ওপর জোর দিয়ে দেশের প্রযুক্তিগত স্বনির্ভরতা জোরদার করা।
অন্যদিকে, নানচিং বিমান ও মহাকাশচারী বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট চিয়াং পিন জানান, এই সম্মেলন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষ বিশেষজ্ঞদের একত্রিত করেছে, যা জ্ঞান বিনিময় ও সহযোগিতার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে।
এ সম্মেলনটি পরিচালনা করছে চীনা বিমান ও মহাকাশচারী সমিতি এবং আয়োজন করেছে চাইনিজ জার্নাল অ্যারোনেটিক্স-এর সম্পাদকীয় কার্যালয়।
এই আয়োজনের মাধ্যমে একাডেমিক, শিল্প ও সরকারি খাতের মধ্যে সমন্বয় গড়ে তুলে সর্বশেষ গবেষণা প্রকাশ, নতুন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র: সিএমজি বাংলা