মার্চ ১৮: হরমুজ প্রণালীতে প্রস্তাবিত মার্কিন প্রহরা অভিযানে ন্যাটোর মিত্র দেশগুলোর অস্বীকৃতিতে আবারও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার) হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে এক বৈঠকে তিনি ন্যাটোর ওপর তার 'হতাশার' কথা পুনর্ব্যক্ত করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "ন্যাটো একটি অত্যন্ত নির্বোধ ভুল করছে। আমি ভাবছি তারা আদৌ আমাদের সমর্থন করবে কি না। এটি তাদের জন্য একটি বড় পরীক্ষা; যদিও আমাদের তাদের প্রয়োজন নেই, কিন্তু মিত্র হিসেবে তাদের সেখানে থাকা উচিত ছিল।" তিনি সতর্ক করে বলেন যে, যুক্তরাষ্ট্রের এই বিষয়টি মনে রাখা উচিত।
ট্রাম্প দাবি করেন, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ন্যাটোর পেছনে ‘ট্রিলিয়ন ডলার’ ব্যয় করেছে যা দেশটির বিশাল আর্থিক ঘাটতির অন্যতম কারণ। তবে এখনই ন্যাটো সম্পর্ক পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানান।
ট্রাম্প ঘোষণা করেছেন যে, হরমুজ প্রণালি নৌচলাচলের জন্য নিরাপদ হতে ‘বেশি দেরি নেই’। ইরানের সাথে সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির একটি সমাধান দেখছে।
সূত্র: সিএমজি