ফয়সল আবদুল্লাহ
চীনের সাংহাইভিত্তিক ইস্ট চায়না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরএকটি গবেষণা দল ‘এআই প্লাস পলিমারস ভি৩.০’ নামে নতুন একটি প্লাটফর্ম চালু করেছে। এর মাধ্যমে পলিমার উপাদান গবেষণায় প্রচলিত ট্রায়াল-অ্যান্ড-এরর পদ্ধতি থেকে সরে এসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নির্ভুল নকশা পদ্ধতির দিকে এগোচ্ছে চীন।
গবেষকদের মতে, নতুন প্লাটফর্মটি পলিমার উপাদানের গবেষণা ও উন্নয়নের বিভিন্ন চাহিদা পূরণে তৈরি করা হয়েছে। এতে ডেটা, মডেল এবং অ্যালগরিদমের বড় ধরনের উন্নয়ন যুক্ত করা হয়েছে।
প্লাটফর্মটিতে আছে প্রায় ৭৬ লাখ বিশেষায়িত তথ্যসম্বলিত ডেটাবেস, ৮০টির বেশি এআই মডেল এবং পলিমার গবেষণার জন্য ১০টির বেশি বিশেষ অ্যালগরিদম। এসব প্রযুক্তি ব্যবহার করে উচ্চ কর্মক্ষমতার রেজিন, জৈব অপটোইলেক্ট্রনিক উপাদান এবং বিভিন্ন কম্পোজিট উপাদান বুদ্ধিমত্তাভিত্তিকভাবে নকশা করা সম্ভব হবে।
গবেষণা দলটি ২০১৩ সালে দেশে প্রথমবারের মতো পলিমার গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ নেয়। পরে তারা ‘এআই ফর পলিমারস’ নামে একটি নতুন গবেষণা পদ্ধতি গড়ে তোলে, যার সম্পূর্ণ মেধাস্বত্ব তাদের নিজস্ব।
গবেষকদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চে প্ল্যাটফর্মটির প্রথম সংস্করণ চালুর পর এটি চীনের ১০টির বেশি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান এবং ৬০টিরও বেশি নতুন রাসায়নিক উপাদান উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।
এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কিছু নতুন উপাদান ইতোমধ্যে শিল্প খাতে ব্যবহার শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ কর্মক্ষমতার রেজিন ও উন্নত পরিবাহী আঠা। বিশেষ করে উচ্চ তাপমাত্রা সহনশীল, শক্ত ও সহজে প্রক্রিয়াজাত করা যায়—এমন এক ধরনের রেজিন মহাকাশ ও উন্নত যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হচ্ছে।
গবেষণা দলের প্রধান বিজ্ঞানী লিন চিয়াপিং বলেন, ভবিষ্যতে এই এআইভিত্তিক গবেষণা পদ্ধতি আরও বিস্তৃত ক্ষেত্রে প্রয়োগ করা হবে। এর মধ্যে পলিমার কাঠামোগত উপাদান, কার্যকরী উপাদান এবং বায়োমেডিক্যাল উপাদান অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র: সিএমজি