এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের বন্দরনগরী চানচিয়াংয়েতে শেষ হলো রাশিয়ান নৌবাহিনীর পাঁচ দিনের শুভেচ্ছা সফর। চীনের নৌবাহিনীর সঙ্গে কয়েক দিনের বন্ধুত্বপূর্ণ ও পেশাদার আলোচনা শেষে গত রোববার রুশ জাহাজগুলো বন্দর ত্যাগ করে।
এই সফরের প্রধান আকর্ষণ ছিল একে অপরের আধুনিক যুদ্ধজাহাজ ঘুরে দেখা। রুশ নৌসেনারা চীনের তৈরি শক্তিশালী যুদ্ধজাহাজ 'ছেনচৌ' পরিদর্শন করেন। এই জাহাজটি আকাশপথে শত্রুর অবস্থান আগেভাগে শনাক্ত করা এবং সমুদ্রের তলদেশে সাবমেরিন বিধ্বংসী লড়াইয়ে খুবই দক্ষ। রুশ প্রতিনিধি দল জাহাজটির অত্যাধুনিক অস্ত্র, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামগুলো খুঁটিয়ে দেখেন।
ছেনচৌ জাহাজের ক্রু লিউ ছেং জানান, রুশ সেনারা জাহাজের বিকল্প যোগাযোগ ব্যবস্থা বা 'ইমার্জেন্সি অ্যাকোস্টিক টিউব' দেখে বেশ অবাক হয়েছেন এবং তারা এটি নিজেরা ব্যবহার করে পরীক্ষা করেছেন।
অন্যদিকে, চীনা নৌসেনারাও রাশিয়ার যুদ্ধজাহাজ 'সোভারশেন্নি' পরিদর্শন করেন। ২০২৩ সালে শাংহাই সফর করা এই শক্তিশালী জাহাজটি বিভিন্ন আন্তর্জাতিক টহলে অংশ নিয়েছে। জাহাজটির উন্নত প্রযুক্তি এবং গঠন দেখে মুগ্ধ হন চীনা সদস্যরা।
প্রযুক্তিগত আলোচনার পাশাপাশি দুই দেশের সেনারা হেলিকপ্টার চালানো ও নিয়মিত প্রশিক্ষণ নিয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন। এ ছাড়া বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় করতে আয়োজন করা হয়েছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের।
নাহার/হাশিম
তথ্য ও ছবি-সিনহুয়া।