এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: হরমুজ প্রণালিতে অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টার সময় ইরানের একটি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে মার্কিন নৌ বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
পোস্টে সেন্টকম জানায়, মঙ্গলবার ইরানের বন্দর আব্বাস থেকে ছেড়ে আসা ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তা শনাক্ত করা হয়। এ সময় একটি মার্কিন গাইডেড মিসাইলবাহী ডেস্ট্রয়ার সফলভাবে জাহাজটিকে থামিয়ে দেয়।
সোমবার অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভেঙে প্রণালী পার হতে পারেনি বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।
সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্রাড কুপার জানান, সমুদ্রপথে ইরানের সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য কার্যত বন্ধ করে দিয়েছে তারা।
তবে, যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বুধবার দুটি জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর একটি ছিল প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি বহনে সক্ষম জাহাজ, অন্যটি খাদ্যবোঝাই বাল্ক ক্যারিয়ার।
গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে দু’সপ্তাহের যুদ্ধবিরতি বিষয়ে ইসলামাবাদে তেহরান-ওয়াশিংটনের আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
লুৎফর/সাকিব
তথ্য ও ছবি: সিসিটিভি/সিজিটিএন।