পারমাণবিক শক্তি বিশ্বের সব জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কীভাবে আরও ভালোভাবে কাজ করা যায়, তা নিশ্চিত করতে সব পক্ষের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক চীন। মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় পারমাণবিক শক্তি শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির উপ-প্রধানমন্ত্রী চাং কুওছিং।
চাং বলেন, চীন সবসময় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত পারমাণবিক নিরাপত্তা কৌশল মেনে চলে এবং বিশ্বব্যাপী পারমাণবিক শক্তির উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সম্মেলনে তিনি আরও বলেন, বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারমাণবিক শক্তি আরও ভালোভাবে কাজে লাগানো সম্ভব। এছাড়া সুন্দর ও টেকসই বিশ্ব গঠনে অবদান রাখতে চীন সব পক্ষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।
সম্মেলনে বিশ্বের সবার জন্য ‘নিরাপদ ও সাশ্রয়ী পারমাণবিক শক্তি’ নিশ্চিত করার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে ফটোসেশনেও অংশ নেন চীনের উপ প্রধানমন্ত্রী।
লুৎফর/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি