আজ (৫ মার্চ) সকালে বেইজিংয়ে চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যবিবরণী পেশ করেন। সরকারি কার্যবিবরণীতে বলা হয়, উচ্চস্তরের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতার গতি জোরদার করতে হবে।
বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব এবং শিল্প রূপান্তরের নতুন দফার ঐতিহাসিক সুযোগকে কাজে লাগাতে হবে। স্বাধীন উদ্ভাবন ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে এবং উচ্চমানের উন্নয়নের জন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে। মূল প্রযুক্তিতে নিজস্ব উদ্ভাবন ও সাফল্যকে জোরদার করতে হবে।
সমগ্র প্রক্রিয়ায় মূল প্রযুক্তিগত অগ্রগতি অর্জনের চেষ্টা করতে হবে। প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প উদ্ভাবনের গভীর একীকরণকে উৎসাহিত করতে হবে। বেইজিং, শাংহাই এবং কুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেট বে এরিয়ায় (বৃহত্তর উপসাগরীয় অঞ্চল) আন্তর্জাতিক বৈজ্ঞানিক উদ্ভাবন কেন্দ্র নির্মাণ করা হবে এবং বিশ্বমানের বৈজ্ঞানিক উদ্ভাবন উৎস স্থাপন করা হবে। নতুন নতুন ক্ষেত্রে পেটেন্ট সুরক্ষা ব্যবস্থা আরও সুসংহত করা হবে। এ ছাড়া কার্যবিবরণীতে আরও উল্লেখ করা হয়, বৈজ্ঞানিক প্রতিভাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।
শুয়েই/তৌহিদ/জিনিয়া