যুক্তরাষ্ট্র-ফিলিপিন্স বার্ষিক সামরিক মহড়া প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আর, এতদঞ্চলের জন্য সবচেয়ে কম কাঙ্খিত বিষয় হচ্ছে বাইরের শক্তির আগমন এবং বিভক্তি ও সংঘাত সৃষ্টি।
মুখপাত্র বলেন, দ্বিপক্ষীয় সামরিক ও নিরাপত্তা সহযোগিতা চলতে পারে। তবে, সেটা যেন এতদঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পারিক বোঝাপড়া ও আস্থা নষ্ট না-করে; আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট না-করে; এবং তেমন সহযোগিতার টার্গেট যেন কোনো তৃতীয় পক্ষ না-হয়।
তিনি সংশ্লিষ্ট দেশকে উদ্দেশ্য করে বলেন, নিরাপত্তার অজুহাতে কোনো পক্ষের সাথে অন্ধের মতো বন্ধনে আবদ্ধ হওয়া হিতে বিপরীত হতে পারে। (আকাশ/আলিম/রুবি)