এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং বলেছেন, বাইরের শক্তির ওপর নির্ভর করে সমুদ্রে উত্তেজনা সৃষ্টি করার ফিলিপাইনের প্রচেষ্টা শেষ পর্যন্ত তাদের জন্যই ক্ষতিকর হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড নিয়ে ফিলিপাইনের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ফিলিপাইন বারবার চীনের হুয়াংইয়ান তাও এর আকাশসীমা ও আশপাশের জলসীমায় অনুপ্রবেশ করেছে। পাশাপাশি নানশা ছুনতাও অঞ্চলের দ্বীপ ও প্রবালপ্রাচীর এলাকায় চীনের মহড়া ও প্রশিক্ষণ অঞ্চলে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, ফিলিপাইনের পক্ষ থেকে চীনা জাহাজের খুব কাছে বিপজ্জনকভাবে চলে আসার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। এসব কর্মকাণ্ড এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মুখপাত্র জোর দিয়ে বলেন, ফিলিপাইনের উচিত বাইরের শক্তির ওপর নির্ভর করে সমুদ্র এলাকায় সমস্যা তৈরির চেষ্টা বন্ধ করা। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে এবং কোনো ফল বয়ে আনবে না।
আজাদ/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন