এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘সিল্ক রোড আর্ক’ বুধবার পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোর্সবিতে পৌঁছেছে। এর মাধ্যমে দেশটিতে সাত দিনের শুভেচ্ছা সফর শুরু করেছে জাহাজটি।
সফরটি ‘হারমনি মিশন ২০২৫’-এর অংশ এবং এটি পাপুয়া নিউগিনিতে চীনা নৌবাহিনীর হাসপাতাল জাহাজের তৃতীয় সফর।
২২০ দিনের মিশনটি ২০১০ সাল থেকে পরিচালিত ‘হারমনি মিশন’-এর ১১তম আয়োজন। একই সঙ্গে এটি ‘সিল্ক রোড আর্ক’-এর প্রথম বিদেশ সফর। জাহাজটি চীনের নিজস্ব নকশা ও নির্মাণে তৈরি ১০ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন একটি আধুনিক সমুদ্রগামী হাসপাতাল জাহাজ।
সফরকালে জাহাজটি রোগীদের চিকিৎসাসেবা প্রদান, কমিউনিটি ক্লিনিক পরিচালনা এবং চিকিৎসা সামগ্রী বিতরণ করবে। পাশাপাশি পাপুয়া নিউগিনির প্রতিরক্ষা বাহিনীর নতুন সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার জন্য মেডিকেল টিম পাঠানো হবে।
উল্লেখ্য, মানবিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘সিল্ক রোড আর্ক’ গত ৫ সেপ্টেম্বর পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ছুয়ানচৌ শহর থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি