এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়ায় এআই ব্যবহার করা হবে। শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের প্রকাশিত কর্মপরিকল্পনা অনুযায়ী, পাঠদান প্রক্রিয়ার বিভিন্ন ধাপে এআই ব্যবহার করা হবে। ক্লাসের আগে প্রস্তুতি, ক্লাসে পাঠদান এবং ক্লাস শেষে মূল্যায়ন—সব ক্ষেত্রেই এ প্রযুক্তি কাজে লাগানো হবে।
স্বয়ংক্রিয় খাতা মূল্যায়ন, শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রয়োজনীয় টিউটরিং দেওয়ার পাশাপাশি এআই প্রযুক্তি শ্রেণিকক্ষে পাঠদানের ধরন বিশ্লেষণ করে শিক্ষকদের শিক্ষা কার্যক্রম উন্নত করতে সহায়তা করবে।
পরিকল্পনায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য এআই শিক্ষা বাড়ানোর কথাও বলা হয়েছে। এ জন্য পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করা হবে এবং বিভিন্ন শ্রেণিতে কী পড়ানো হবে তা নির্ধারণ করা হবে। সহশিক্ষা কার্যক্রম ও গবেষণাভিত্তিক শিক্ষার সঙ্গেও এআই যুক্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে এআই একটি সাধারণ ভিত্তিমূলক কোর্স হিসেবে চালু করা হবে। বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠ্যসামগ্রী তৈরি করা হবে, যাতে সবাই এআই সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করতে পারে।
শিল্প ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বিষয় ও বিভাগ চালুর কথাও বলা হয়েছে।
চীনের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এমন একটি পূর্ণাঙ্গ এআই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা শিক্ষার সব স্তরকে অন্তর্ভুক্ত করবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রেও ব্যবহৃত হবে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিজিটিএন