মার্চ ১৮: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে তুর্কমেনিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাশিদ মেরেদভের সাথে এক বৈঠক করেন। মেরেদভ তুর্কমেনিস্তানের জাতীয় নেতা এবং গণপরিষদের চেয়ারম্যান গুরবানগুলি বেরদিমুহামেদভের চীন সফরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
বৈঠকে ওয়াং ই বলেন, চেয়ারম্যান বেরদিমুহামেদভ চীনা জনগণের একজন পুরানো বন্ধু। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে দৃঢ় পারস্পরিক আস্থা ও গভীর বন্ধুত্ব রয়েছে, যা উভয় পক্ষের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের স্থিতিশীল বিকাশের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। তিনি মনে করেন, দু’দেশের উচিত বন্ধুত্বের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করা এবং পারস্পরিক লাভজনক সহযোগিতাকে আরও গভীর করা। একইসাথে, দুই রাষ্ট্রপ্রধানের নির্দেশিত পথে চীন-তুর্কমেনিস্তান সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে জোরদার করা প্রয়োজন।
এসময় মেরেদভ বলেন, তুর্কমেনিস্তান চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করে এবং বহুপাক্ষিক ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)