মার্চ ২৪: আগামী ২৯ ও ৩০ এপ্রিল চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে নবম ‘ডিজিটাল চীন নির্মাণ শীর্ষ সম্মেলন’অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় তথ্য প্রশাসনের পরিচালক লিউ লিয়ে হুং এ তথ্য নিশ্চিত করেছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়ন জোরদার করা এবং ডিজিটাল চীন নির্মাণ প্রক্রিয়াকে গভীরভাবে এগিয়ে নেওয়া’।
লিউ লিয়ে হুং জানান, এবারের শীর্ষ সম্মেলনে মূলত ডিজিটাল উন্নয়নের ফলাফল প্রদর্শন, নতুন প্রযুক্তি উন্মোচন এবং একটি সমৃদ্ধ ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনে ডিজিটাল চীন নির্মাণের মাইলফলক হিসেবে ‘ডিজিটাল চীন উন্নয়ন প্রতিবেদন ২০২৫’এবং ‘ডিজিটাল চীন উন্নয়ন সূচক’প্রকাশ করা হবে।
চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড এবং আলিবাবাসহ প্রায় ৪০০টি শিল্পপ্রতিষ্ঠান এই সম্মেলনে তাদের ডিজিটাল রূপান্তরের সর্বশেষ প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করবে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রদর্শিতব্য পণ্য ও প্রযুক্তির ৬৫ শতাংশেরও বেশি প্রথমবারের মতো জনসমক্ষে আনা হবে। এ ছাড়া ছিংহুয়া বিশ্ববিদ্যালয় ও পিকিং বিশ্ববিদ্যালয়সহ ৭টি খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় তথ্য উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটসহ ১০টিরও বেশি গবেষণা সংস্থা তাদের ২০টিরও বেশি প্রযুক্তিগত অর্জনের ফলাফল প্রকাশ করবে।
সম্মেলনের অংশ হিসেবে চায়না টেলিকম, চায়না ইউনিকম, চায়না মোবাইল এবং হুয়াওয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে ৪টি পৃথক ‘ইকোসিস্টেম সম্মেলন’আয়োজন করবে। এতে সংশ্লিষ্ট শিল্পশৃঙ্খলের সাথে জড়িত ৪০০টিরও বেশি প্রতিষ্ঠান যৌথ উন্নয়ন ও সহযোগিতা নিয়ে আলোচনা করবে।
উল্লেখ্য, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, জাতীয় তথ্য প্রশাসন, চীনের সাইবার স্পেস প্রশাসন, শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং ফুচিয়ান প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে এই শীর্ষ সম্মেলনটি আয়োজিত হতে যাচ্ছে।
সূত্র: সিএমজি