মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক: যেকোনো সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে ‘লাল রেখা’ অতিক্রম করা উচিত নয়। যুদ্ধের পরিস্থিতিতেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক মানবিক নীতির মৌলিক শর্ত। বুধবার সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আঞ্চলিক পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের অবস্থান সম্পর্কে ওয়াং ইকে অবহিত করে শেখ আবদুল্লাহ বলেন, তার দেশ যুদ্ধের পক্ষে নয় এবং চলমান সংঘাতে অংশগ্রহণও করেনি। তাই সংযুক্ত আরব আমিরাতের ওপর কোনো অবৈধ আক্রমণ হওয়া উচিত নয়।
চীনের ধারাবাহিক বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ আবদুল্লাহ। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান গুরুতর পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি রোধে চীন সক্রিয় ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে চীনা কর্মী ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখবে তার দেশ।
ওয়াং ই বলেন, জ্বালানি, অর্থনীতি এবং জনগণের জীবিকার সঙ্গে সম্পর্কিত অ-সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা উচিত নয়। একই সঙ্গে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ওয়াং ই উল্লেখ করেন, চীন সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা রক্ষায় বৈধ দাবিকে সমর্থন করে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির জন্য এই অঞ্চলের দেশগুলোর প্রচেষ্টাকেও সমর্থন জানায়।
জেনিফার/ ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
Advertisement